
গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন র্যাপার ম্যাকলমোর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার ভক্তদের সামনে এ অঙ্গীকার করেন তিনি।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করায় সংগীতশিল্পী মহলে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন ম্যাকলমোর। তবে এসব চাপ উপেক্ষা করেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পাশাপাশি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এই র্যাপার। এরপর ব্রিটিশ গায়ক এড শিরানের কনসার্ট ট্যুরে উদ্বোধনী শিল্পী হিসেবে তার নাম বাদ দেওয়া হয়।
সাম্প্রতিক এই বিতর্ক আরও জোরালো হয়, যখন ধনকুবের রবার্ট ক্রাফট নিশ্চিত করেন, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাকলমোরকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানায়, ম্যাকলমোরকে শিল্পী তালিকায় রেখে আয়োজন করা কনসার্টের জন্য কয়েকটি ভেন্যু কর্তৃপক্ষ রাজি হয়নি।
‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব’
ডাবলিনের মঞ্চে ম্যাকলমোর বলেন, ‘ছয় সপ্তাহ আগে মাত্র দুটি শব্দই যথেষ্ট ছিল।’ এ সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের প্রসঙ্গ উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সবার মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব।’
কনসার্টের বড় একটি অংশজুড়ে মঞ্চে ফিলিস্তিনি পতাকা হাতে দেখা যায় তাকে। তার এই অবস্থানকে কেন্দ্র করে সংগীতশিল্পী মহলে বিতর্ক তৈরি হলেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নিজের বক্তব্য থেকে সরে আসেননি তিনি।
সমর্থনে আইরিশ শিল্পীরাও
ডাবলিনের এই কনসার্টে ম্যাকলমোরের সঙ্গে সংহতি প্রকাশ করে পারফর্ম করেন ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করা কয়েকজন আইরিশ শিল্পী।
তাদের মধ্যে ছিলেন গায়ক হোজিয়ার, র্যাপ দল নি-ক্যাপ এবং সংগীতদল বিওগা। ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে এড শিরানের ট্যুর থেকে সরে দাঁড়ানো শিল্পীদের মধ্যে ছিল বিওগা।
ফিলিস্তিনের পক্ষে ম্যাকলমোরের অবস্থান এবং এর জেরে সংগীতজগতে তৈরি হওয়া বিতর্কের মধ্যে ডাবলিনের এই আয়োজন তার প্রতিবাদের অবস্থানকে আবারও সামনে নিয়ে এসেছে।
