logo

মক্কা চুক্তি সক্রিয় /হুতিদের ঠেকাতে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

হুতিদের ঠেকাতে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে গঠিত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে উপস্থিত পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারা। সোমবার সৌদি আরবের রিয়াদে। ছবি: আনাদোলু

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে অবশেষে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সক্রিয় করছে তিন মুসলিম দেশের জোট। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) আদলে গঠিত এ চুক্তির আওতায় সৌদি আরবের সুরক্ষায় দেশটিতে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান।

সোমবার (৫ অক্টোবর) জোটের সদস্য দেশগুলোর এক বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে হুতিদের যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশ দুটির পূর্ণ সম্মতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

মক্কা ও মদিনাকে নিশানা করার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদিত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী এই সামরিক মোতায়েন করা হবে। এর মাধ্যমে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় জোরদারের পাশাপাশি বিভিন্ন হুমকি মোকাবিলায় জোটের সক্ষমতা বাড়ানো হবে।

অংশগ্রহণকারী দেশগুলো জোর দিয়ে বলছে, প্রতিটি দেশের নিরাপত্তা তাদের সম্মিলিত নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ। মক্কা চুক্তির আওতায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হলে তিন দেশের প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী হবে।