logo

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যে দেশ

এএফপি
এএফপি
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যে দেশ
ইরানের জাতীয় পতাকা। ছবি: আনটারা নিউজ

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ সিদ্ধান্ত জানায়। এর ফলে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকে সরে গেল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় আসার পর দেশটির বৈদেশিক সম্পর্ক ও কূটনৈতিক জোটে পরিবর্তন আনছেন। গত ৭ আগস্ট বামপন্থী সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।

ক্ষমতায় আসার আগেই দে লা এসপ্রিয়েলা কিউবা ও নিকারাগুয়ার মতো বামপন্থী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে দেশ দুটির সঙ্গে এখনো সম্পর্ক ছিন্ন করেনি কলম্বিয়া।

কলম্বিয়া সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ‘আঞ্চলিক জাতীয় নিরাপত্তা’ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

বোগোতার অভিযোগ, ইরান দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা ‘মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি কলম্বিয়া।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতেও তেহরানের ভূমিকার সমালোচনা করেছে কলম্বিয়া। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার।

তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার ও নাগরিকসেবা-সংক্রান্ত যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে কলম্বিয়া।