logo

বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

এনডিটিভি
এনডিটিভি
বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শোধনাগারটিতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন ছড়িয়ে পড়ে। সালফার পিচ সংরক্ষণের একটি ট্যাংকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনের বিশাল শিখা ও ঘন ধোঁয়া আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন শুধু ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য কোনো অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

এদিকে ঘটনার পরপরই এইচপিসিএলের অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। শোধনাগারের সব ইউনিটও নিরাপদে চালু রয়েছে।