সৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে দেশটির চারটি শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, তাইফ ও নাজরান শহরের বাসিন্দাদের সতর্ক করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা এই সতর্কতা কিছুক্ষণ পর প্রত্যাহার করে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।
এরপর ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ঠিক কোন স্থান থেকে ছোড়া হয়েছিল কিংবা এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সময়ে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়েছে।
বিশেষ করে লোহিত সাগর উপকূলের জাজান অঞ্চলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার রয়েছে। প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি দেশটির জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো।
অন্যদিকে, হুতি যোদ্ধাদের সঙ্গে চলমান সংঘাতের অংশ হিসেবে সৌদি আরবও ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতীতেও হুতি যোদ্ধারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইন এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের তেল রপ্তানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ফলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
