ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের আগে তাকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী ইজাজ ‘পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্স, ১৯৬০’-এর আওতায় আলিমা খানকে আটক বা গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
আদেশ অনুযায়ী, আলিমা খানকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের হেফাজতে রাখা হবে। একই সঙ্গে এই আদেশের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের কাছে আবেদন বা বক্তব্য উপস্থাপনের অধিকার তার রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে পিটিআই দাবি করেছে, লাহোরে নিজ বাড়ির সামনে থেকে আলিমা খানকে আটক করা হয়েছে।
আলিমা খানকে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম। তিনি অভিযোগ করেন, ইমরান খানের পক্ষে কথা বলার কারণেই তার বোনকে শাস্তি দেওয়া হচ্ছে।
পিটিআই সূত্রে জানা নিয়েছে, আলিমা খান লাহোরের আপার মলে নিজ বাসভবন থেকে জিমে যাওয়ার উদ্দেশ্যে বের হলে লিটন রোড পুলিশ তাকে লিটন রোড পুলিশ স্টেশনের কাছে অবস্থানকালে হেফাজতে নেয়।
দলটি জানায়, পরবর্তীতে তাকে কোট লাখপত জেলে স্থানান্তর করা হয়। ইমরান খানের আরেক বোন নোরিন নিয়াজি ও পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন।
