আসামে নাইটক্লাবে নারীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক নারীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ‘লোকালস’ ক্যাফে অ্যান্ড লাউঞ্জে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, নাইটক্লাবের বাউন্সাররা ওই নারীর ওপর হামলায় জড়িত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন এবং দুই নারী তাকে লাথি মারছেন। তাদের সঙ্গে কয়েকজন পুরুষকেও দেখা যায়। আরেকটি ভিডিওতে এক নারীকে মেঝে থেকে তাকে তুলে দাঁড় করানোর চেষ্টা করতে দেখা যায়। পরে একটি গাড়ি এসে তাদের দৃশ্য আড়াল করে দেয়।
ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রগুলোর দাবি, নাইটক্লাবের ভেতরে ওই নারীকে প্রথমে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। হামলায় পুরুষ ও নারী—উভয় ধরনের বাউন্সারই জড়িত ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে।
পরে তাকে নাইটক্লাবের চতুর্থ তলা থেকে নিচে নামিয়ে একটি পার্কিং এলাকার মতো জায়গায় নেওয়া হয়।
তবে ঠিক কী কারণে ওই নারীর সঙ্গে বাউন্সারদের বিরোধের সূত্রপাত হয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। হামলার আগে সেখানে কী ঘটেছিল, সেটিও জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা নাইটক্লাবে গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। ভেতরের সব আলোও বন্ধ ছিল। ক্লাব কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বাইরে আসেননি।
পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। তবে নাইটক্লাবের কোনো কর্মকর্তা বা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
