বাংলাদেশের পোশাকশ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএনআই।
রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভের ওপর নিবিড়ভাবে নজর রাখছে। একইসঙ্গে আন্তঃসীমান্ত পানি সমস্যা মোকাবিলা ও উচ্চপর্যায়ের কূটনৈতিক বিনিময়ের জন্য প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোর ওপর জোর দিয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে জয়সওয়াল প্রতিবেশীর সঙ্গে একটি ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ভারতের সংকল্পের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছি। সেখানে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা সেগুলোর ওপর নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই।’
দ্বিপাক্ষিক পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গা পানি চুক্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যৌথ পানিসম্পদ সংক্রান্ত যে কোনো আলোচনা প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক পদ্ধতির মাধ্যমেই পরিচালিত হবে। আমি আগেও যেমন বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে আমাদের একটি যৌথ নদী কমিশন রয়েছে। সেটিই গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার কাঠামোগত ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে কোনো নতুন তথ্য পেলে জানানো হবে।’


