সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার যাত্রীর তথ্য ফাঁস!

সিঙ্গাপুর এয়ারলাইন্স- এসআইএ’র প্রায় ৪৬ হাজার যাত্রীর তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে এয়ারলাইন্সটির রিজার্ভেশন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যামাডেউস’ এর মাধ্যমে। এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআইএ’র একজন মুখপাত্র জানান, তৃতীয় কোন পক্ষ তাদের ডাটাবেইজে অবৈধভাবে প্রবেশ করে গ্রাহকদের গ্রাহকদের নাম, বুকিং রেফারেন্স নম্বর, ভ্রমণের ভ্রমণসূচি এবং বুকিং ক্লাসের তথ্য হাতিয়ে নিয়েছে।
সিঙ্গাপুরে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতারণা থেকে রক্ষায় অভিনব উদ্যোগ
মুখপাত্র আরও জানান, প্রায় ৬২০টি বুকিং রেকর্ডের ক্ষেত্রে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, ভ্রমণ নথির বিবরণ এবং ‘ক্রিসফ্লায়ার’ সদস্যপদ নম্বরের মতো তথ্যগুলোও হয়তো বেহাত হয়ে থাকতে পারে। তবে, ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়নি এবং কোনো বুকিংয়েও কোনো পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে, এয়ারলাইন্সটি। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এই ঘটনাটি কেবল অ্যামাডিউসের প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে অ্যামাডেউস’। পাশাপাশি এসআইএ আরও জানিয়েছে, এই ঘটনায় তাদের নিজস্ব আইটি সিস্টেমে কোনো ধরনের অনুপ্রবেশ বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
ভিসা ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ ১৬১ দেশের, জেনে নিন বাংলাদেশিদের নিয়ম
এদিকে, এবারই প্রথম নয়, এসআইএ-এর তথ্য হাতিয়ে নেয়ার ক্ষেত্রে এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতেও এমন একটি ঘটনা ঘটেছিল, যেখানে এয়ারলাইন্সটির ‘ক্রিসফ্লায়ার’ (KrisFlyer) ও ‘পিপিএস’ (PPS) প্রোগ্রামের ৫ লাখ ৮০ হাজার সদস্যের সদস্যপদ নম্বর, টায়ার স্ট্যাটাস এবং কিছু ক্ষেত্রে সদস্যের নাম ফাঁস হয়ে গিয়েছিল।