logo

ক্ষমতায় টিকে থাকতে সবকিছুই করবেন নেতানিয়াহু: বিশ্লেষক

ক্ষমতায় টিকে থাকতে সবকিছুই করবেন নেতানিয়াহু: বিশ্লেষক
ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার একটি বিলবোর্ড। ছবি: আলজাজিরা

ইসরায়েলের ২৬তম নেসেট (পার্লামেন্ট) নির্বাচন শুরু হতে বাকি প্রায় ৬৭ ঘণ্টা। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে কথিত সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে হেবরনসহ পুরো অঞ্চলে পূর্ণ অবরোধ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসন্ন নির্বাচনে পুনরায় দখলদার দেশটির সরকারপ্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তবে নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোটের কোনোটিরই ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো পর্যাপ্ত আসন নেই।

সব প্রার্থী জয়ী হলেও কোনো জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলে পুনরায় নির্বাচন আয়োজন অথবা ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিকল্প নেই।

নির্বাচন-পরবর্তী সম্ভাব্য অচলাবস্থার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বর্তমান লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারও ব্যাপক চাপে রয়েছে। জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আঞ্চলিক সংঘাত, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট ইসরায়েলি নাগরিকদের মনোভাব নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদের অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। জনমত জরিপে তার নতুন দল ইয়াশার পার্টি লিকুদ পার্টির প্রায় সমান অবস্থানে রয়েছে।

নির্বাচনে জয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্ষমতায় টিকে থাকতে তিনি সম্ভাব্য সব পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।

‘প্রমিস ল্যান্ড’ বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন লালনকারী নেতানিয়াহু ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতেই শনিবার (২৩ অক্টোবর) পশ্চিম তীরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওপর হামলার ঘটনা সাজিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন কিছু ভূরাজনৈতিক বিশ্লেষক।

ইসরায়েলের জাফায় বসবাসরত রাজনৈতিক ভাষ্যকার আবেদ আবু শাহাদে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যে ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে এবং ইরানে যা ঘটেছে, তা বিবেচনায় নিলে শিগগিরই বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকলে ‘ইসরায়েলি জনগণ ও সরকারের মধ্যে আরও বেশি উগ্রপন্থা ও চরমপন্থা দেখা যাবে’।

আবু শাহাদের মতে, সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, ‘ইসরায়েলি সমাজ যত বেশি নিজেদের হুমকির মুখে মনে করে, ততই তারা ডানপন্থার দিকে ঝুঁকে পড়ে এবং আরও চরম দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।’ এসব জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট বর্তমানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে নেতানিয়াহু হয়তো কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন এবং আমার মনে হয় না, তিনি ক্ষমতা ছাড়ার কোনো পরিকল্পনা করছেন। ক্ষমতা ধরে রাখতে তিনি সম্ভাব্য সবকিছুই করবেন।’