logo

নেপালে ৫১ কোটি রুপি ও স্বর্ণভর্তি ব্যাংকের ভল্ট উদ্ধার (ভিডিও)

এনডিটিভি
এনডিটিভি
নেপালে ৫১ কোটি রুপি ও স্বর্ণভর্তি ব্যাংকের ভল্ট উদ্ধার (ভিডিও)
নেপালের বন্যাকবলিত ত্রিশূলি এলাকার একটি ব্যাংক থেকে ভল্ট উদ্ধার করা হয়। ছবি: ভিডিও থেকে

নেপালের বন্যাকবলিত ত্রিশূলি এলাকার একটি ব্যাংক থেকে প্রায় ৫১ কোটি নেপালি রুপি মূল্যের নগদ অর্থ, স্বর্ণ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

Advertisement

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ত্রিশূলি ধুঙ্গে এলাকায় কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর ব্যাংকের ভল্টে থাকা অর্থ ও স্বর্ণ উদ্ধারে অভিযান চালায় পুলিশ। প্রায় আট ঘণ্টার অভিযানে কর্মকর্তারা প্রায় দেড় কোটি রুপি নগদ অর্থ এবং আনুমানিক ৫০ কোটি রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার করেন।

এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথিপত্রও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করা সব সম্পদ ও নথি পরে উচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি স্থানে নিয়ে যাওয়া হয়।

নেপাল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের একটি ভিডিওসহ এ তথ্য জানিয়েছে।

বন্যার পানিতে স্বর্ণ ও নগদ অর্থ ভিজে যাওয়ার প্রসঙ্গ তুলে এক ব্যক্তি পুলিশের সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানান, অতীতে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে কাজ করার সময় বন্যায় ভিজে যাওয়া স্বর্ণ ও অর্থ শুকাতে ব্যাংকের কর্মীদের একসঙ্গে কাজ করতে দেখেছিলেন।

এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ ও নিহতের সংখ্যা বাড়ছে। বন্যার পানিতে ভেসে যাওয়া অনেক মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় চিতওয়ান জেলায় অজ্ঞাতপরিচয় নিহতদের গণকবর দেওয়া শুরু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চিতওয়ানের দেবঘাট বন এলাকায় শত শত কবর খোঁড়া হয়েছে। রসুয়া জেলার বন্যাবিধ্বস্ত উপত্যকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই এলাকায় পচন ধরে যাওয়া ও শনাক্ত করা সম্ভব না হওয়া মরদেহগুলো দাফন করা হচ্ছে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা গণেশ আরিয়াল বলেন, মরদেহগুলো দ্রুত পচে যাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছিল। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে।

নেপালে ৫১ কোটি রুপি ও স্বর্ণভর্তি ব্যাংকের ভল্ট উদ্ধার (ভিডিও)