logo

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু
কলম্বিয়ার অ্যান্টিওকিয়ার বাজো কাউকা এলাকায় একটি অবৈধ সোনার খনি। ছবি: নিউইয়র্ক টাইমস

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নারিনোর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো।

তিনি বলেন, দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে এলাকাটিতে যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন বৃষ্টিবনবেষ্টিত একটি দুর্গম এলাকা। সেখানে নৌকা কিংবা ছোট উড়োজাহাজে করে পৌঁছানো সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ বলে উল্লেখ করেছেন।

কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খননকাজের প্রবণতা ব্যাপক। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামোর অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এসকোবার তার বার্তায় লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং এই মর্মান্তিক ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।’

এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পোলিকারপা পৌরসভায় একই ধরনের এক খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।