
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, বৈঠকে পুতিন বলেন, ‘এই পরিস্থিতির সমাধানে অবদান রাখতে আমাদের সাধ্যের মধ্যে থাকা সবকিছু করতে আমরা প্রস্তুত।’
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্সির এক বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা থেকে তেহরান সরে আসবে না।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপে যুক্ত রয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই আমরা আলোচনা করি, তখনই তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’
বৈঠকে পুতিন আরও বলেন, যুদ্ধ বন্ধে ইরান বাস্তব প্রচেষ্টা চালিয়েছে।
তুর্কমেনিস্তানে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে সিআইএসের শীর্ষ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের এই বৈঠক এবং যুদ্ধ বন্ধে মস্কোর সহযোগিতার প্রস্তাব কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
