জিয়ারতের সময় ভেঙে পড়ল বাবার কবর, ভেতরে পড়ে ছেলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুর দাফনে অংশ নিতে কবরস্থানে গিয়েছিলেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। সেখানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন তিনি। একপর্যায়ে বাবার কবরের ওপর বসলে পাথরের কাঠামোটি ভেঙে ভেতরের সমাধিকক্ষে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি গত ২১ অক্টোবর ব্রাজিলের এস্পিরিতো সান্তো রাজ্যের লিহারেস শহরের সাও জোসে পৌর কবরস্থানের। কবরস্থানটি রিও ডি জেনিরো থেকে প্রায় ৪০০ মাইল উত্তরে অবস্থিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ঘটনার দিন মোটরসাইকেলে করে কবরস্থানে এসেছিলেন তার সদ্যপ্রয়াত বন্ধুর দাফনের স্থান জানতে। তথ্য জেনে মোটরসাইকেল পার্ক করে তিনি একই কবরস্থানে থাকা বাবার কবরের দিকে হেঁটে যান। জিয়ারত করার আগে অথবা পরে কবরের পাথরের ঢাকনার ওপর বসেন।
তখনই পুরো কাঠামোটি ভেঙে তিনি ভেতরের গভীরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। শব্দ শুনে কবরস্থানে আসা অন্যান্য ব্যক্তিরা ছুটে আসেন। পরিস্থিতি আঁচ করতে পেরে অ্যাম্বুলেন্সে খবর দেন তারা। অ্যাম্বুলেন্স উদ্ধারে আসলে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
কবরস্থানের কর্মী নাজারে ব্রাভিন জানান, ওই ব্যক্তি মোটরসাইকেলে করে কবরস্থানে এসে তার বন্ধুকে কোথায় দাফন করা হবে, তা জানতে চেয়েছিলেন। পরে মোটরসাইকেলটি পার্ক করে তিনি বাবার কবরের দিকে হেঁটে যান। সেখানেই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনাটি।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে লিনহারেস সিটি কাউন্সিল।
এক বিবৃতিতে পরিষদ জানিয়েছে, কবরস্থানের সাধারণ জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হলেও প্রতিটি স্বতন্ত্র কবরের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারের। সামনে ‘অল সোলস ডে’ উপলক্ষে কবরস্থানগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে উল্লেখ করে সবাইকে সাবধানে চলাফেরার ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।


