একের পর এক ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে পাপুয়া নিউগিনিতে। দ্বীপ রাষ্ট্রটিতে ৬ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বুধবার (১৮ নভেম্বর) জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জিএফজেড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাশাপাশি পাপুয়া নিউগিনিতেও আঘাত হানে ৬ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের নিয়মিত ভূমিকম্প বিষয় হালনাগাদ তথ্যে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। স্থানীয় সময় বেলা ১০টা ৪১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়াও কাছাকাছি সময়ে যথাক্রমে ৫ দশমিক ২ ও ৪ দশমিক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়।
ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
এর আগে, গত ১৭ নভেম্বর বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ইন্দোনেশিয়ায় অনুভূত হয় বলে জানায় অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া। ভূমিকম্পের পর অস্ট্রেলিয়ার বাসিন্দাদের কাছ থেকে ৩৮০টির বেশি কম্পন অনুভবের প্রতিবেদন জমা পড়েছে।
প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহরের প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ ও আগ্নেয়গিরিপ্রবণ অঞ্চল। এখানে ভূত্বকের টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রাণ হারান বিপুলসংখ্যক মানুষ। ওই দুর্যোগ আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয় হিসেবে পরিচিত।
চলতি বছরের আগস্টেও ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়ে এবং বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
(2)-6182f1.jpg)


