logo

ফিলিস্তিনি বন্দিদের কঠোর শাস্তিতে ‘খুশি’ ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

আনাদোলু এজেন্সি
আনাদোলু এজেন্সি
ফিলিস্তিনি বন্দিদের কঠোর শাস্তিতে ‘খুশি’ ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী
ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি: আনাদোলু

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের কঠোর ও অমানবিক পরিস্থিতিতে রাখায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, কারাগারে বন্দিদের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরাসরি দায়ী।

Advertisement

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে ফিলিস্তিনি নারী বন্দিদের সঙ্গে কথা বলতে দেখা যায় বেন-গভিরকে। ওই সময় এক নারী বন্দি কারাগারের দুরবস্থা ও মৌলিক প্রয়োজনীয়তার অভাবের কথা তুলে ধরেন।

ওই বন্দি বলেন, এখানকার পরিস্থিতি খুব খারাপ। নারীদের ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস ব্যবহারের মতো বিশেষ কোনো সুযোগও দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, তিন দিন ধরে আমরা গোসল করতে পারিনি। চিকিৎসা পাচ্ছি না এবং আমাদের পোশাকও পরিষ্কার নয়।

জবাবে বেন-গভির বলেন, কারাগারে আগে যে ভালো পরিস্থিতি ছিল, তা আর নেই।

ভিডিওটির সঙ্গে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কারাগারের পরিস্থিতি নিয়ে সন্ত্রাসীদের অভিযোগ আমাকে প্রভাবিত করে না।

বন্দি নারী কারাগারের পরিস্থিতি উন্নত করার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেন ইসরায়েলের এই মন্ত্রী।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে বেন-গভিরের এমন আচরণ এবারই প্রথম নয়। এর আগে আগস্টের শুরুতেও কারাগারে এক নারী বন্দির সঙ্গে কথা বলার সময় তার অভিযোগকে উপহাস করেন তিনি। ওই বন্দি আটক অবস্থায় মৌলিক প্রয়োজনীয় জিনিস না পাওয়ার অভিযোগ করলে বেন-গভির তাকে বলেছিলেন, কারাগার কোনো হোটেল নয়।

২০২২ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিলিস্তিনি বন্দিদের আটক রাখার পরিস্থিতি আরও কঠোর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বেন-গভির। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব নীতির মধ্যে বন্দিদের খাবার কমিয়ে দেওয়া, চিকিৎসা থেকে বঞ্চিত করা, নির্যাতন এবং একাকী বন্দিত্বের মতো বিষয় রয়েছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯৪ জন নারী এবং ৩৫০ জনের বেশি শিশু। এসব বন্দির অনেকেই অনাহার, নির্যাতন ও চিকিৎসা না পাওয়ার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের কঠোর শাস্তিতে ‘খুশি’ ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী