সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুতিরা

সৌদি আরব ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য হামলার হুঁশিয়ারির সতর্কতার মধ্যে কড়া বার্তা দিয়েছে হুতিরা। দেশটির তিনটি স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুতিরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুতিরা জানিয়েছে, সানায় বিমান হামলা চালানো হলে সৌদির দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদে আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে সরে যেতে এবং দূরে থাকতে আহ্বান জানিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার বিষয়ে সতর্ক করে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান।
গত কয়েক দিন ধরে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রিয়াদে ড্রোন ছোড়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানানো হলেও সেগুলোর লক্ষ্যবস্তু বা উৎক্ষেপণের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
