logo

ইরান যুদ্ধের ধকল সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা ৮ মার্কিন সেনার

এএফপি
এএফপি
খ্যামা প্রেস
খ্যামা প্রেস
ইরান যুদ্ধের ধকল সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা ৮ মার্কিন সেনার
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: গেটি ইমেজস

ইরান ও যু্ক্তরাষ্ট্রে মধ্যে চলমান যুদ্ধে মোতায়েন করা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নিযুক্ত সেনাদের মধ্যে অন্তত আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকায় অতিরিক্ত মানসিক চাপের কারণে এই আত্মঘাতী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তারা। রণতরির সেনাদের যুদ্ধের ক্লান্তি, অবসাদ, দীর্ঘদিন ধরে পরিবারবিচ্ছিন্ন থাকাকে এর অন্যতম প্রধান কারণ হিসেব চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিংকনে মোতায়েন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও আত্মহত্যার চেষ্টার খবর ছড়ালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে একজন মার্কিন আইনপ্রণেতা লিখিতভাবে ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন, এ খবরের সত্যতা আছে কি না এবং যদি এটি সত্য হয়, সেক্ষেত্রে কতজন মার্কিন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

ওই আইনপ্রণেতার সেই চিঠির উত্তর দিয়েছেন মার্কিন নৌবাহিনীর সচিব হাং কাও। চিঠিতে তিনি লিখেছেন, ইউএসএস আব্রাহাম লিংকনের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়ার তথ্যটি সত্য। সর্বশেষ মোতায়েনের দিন পর্যন্ত রণতরির মোট আটজন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। সৌভাগ্যবশত কোনো সেনাসদস্যের প্রাণহানি বা ‘সফল’ আত্মহত্যার ঘটনা ঘটেনি।

মার্কিন নৌবাহিনীর ব্যাখ্যা অনুযায়ী, এসব ঘটনা কেবল রণতরীর মূল কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা পুরো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিভিন্ন জাহাজ, বিমান শাখা, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন এবং এসকর্ট জাহাজে কর্মরত সদস্যদের মধ্যে ঘটেছে।

চিঠিতে সমুদ্রে ঝাঁপ দেওয়ার দুটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত আগস্টের শুরুতে বিমানবাহী শাখা থেকে পড়ে যাওয়া এক নাবিককে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং মার্চে ওপর থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার সময় এক নাবিককে সহকর্মীরা ধরে ফেলেন।

ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বন্দর ছেড়ে যায় এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী অভিযানে সরাসরি অংশ নেয়। টানা ২৮৬ দিন মোতায়েন থাকা এই রণতরিটিকে বন্দর বিরতি বা নোঙর ছাড়াই দীর্ঘ সময় সমুদ্র সীমায় অবস্থান করতে হয়।

দীর্ঘ অভিযানের ফলে জাহাজে খাদ্য সংকট, অপ্রতুল সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থার চরম ত্রুটি এবং মেরিন সেনাদের মারাত্মক মানসিক বিপর্যস্ততা নিয়ে নাবিকদের স্বজন ও মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অবশ্য জাহাজের ভেতরের বিশৃঙ্খলার সব অভিযোগ পুরোপুরি স্বীকার করেনি। নৌবাহিনীর দাবি, অভিযানে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে প্রয়োজনীয় ধর্মযাজক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক নিয়োজিত ছিল।

এ ছাড়াও আটটি আত্মহত্যার চেষ্টার হার মার্কিন নৌবাহিনীর বার্ষিক সাধারণ পরিসংখ্যানিক হারের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। টানা ২৮৬ দিনের ঐতিহাসিক অভিযান শেষে সেপ্টেম্বর মাসের শুরুতে রণতরিটি থাইল্যান্ডের বন্দরে নোঙর করে।