পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ৪ সেনা কর্মকর্তা ও ২৪ সশস্ত্র সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই সময়ে দুই প্রদেশে পরিচালিত এসব অভিযানে ২৪ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। নিহতদের ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
আইএসপিআরের তথ্যমতে, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান পরিচালনা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুরে চালানো অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আটজন সশস্ত্র সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার ব্যবহার করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাসের বাড়ি চাকওয়াল জেলায় এবং হাবিলদার মুহাম্মদ আদনান খানের বাড়ি কোটলি সাতিয়ান এলাকায়।
আইএসপিআর জানিয়েছে, হামলার পরও নিরাপত্তা বাহিনীর মনোবলে কোনো প্রভাব পড়েনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে। হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম চলবে বলেও জানিয়েছে সংস্থাটি।
পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, ভারত ও অন্যান্য প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থার সহায়তাপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠী বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ড্রোন, প্রযুক্তিগত সরঞ্জাম এবং বিস্ফোরক ব্যবহার করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার সরকারি প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে আইএসপিআর।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ভারত গোষ্ঠীটিকে আর্থিক সহায়তার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করছে। তবে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলবে।
উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে নিহত আরও ১৮ সশস্ত্র সদস্য
এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনাসদস্যসহ মোট ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহত সশস্ত্র সদস্যদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
আইএসপিআরের আরেক বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি, দত্তা খেল ও আশপাশের এলাকায় গোষ্ঠীটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়।
সংস্থাটির দাবি, তীব্র গোলাগুলির পর গত ১২ ঘণ্টায় আলি খেল এলাকায় ১২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন আফগান নাগরিক। এ ছাড়া মির আলি ও দত্তা খেল এলাকায় পৃথক অভিযানে আরও চারজন নিহত হন।
এসব সংঘর্ষে পাকিস্তানের দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। তারা হলেন হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি। ৪৩ বছর বয়সী আসমত আলির বাড়ি সোয়াবি জেলায় এবং ৩২ বছর বয়সী আফতাব আলির বাড়ি মারদান জেলায়।
নিহত সশস্ত্র সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর। তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে সামরিক বাহিনী। এলাকায় অবস্থানরত অন্য সদস্যদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বাড়ছে সহিংসতা
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সশস্ত্র হামলা ও সহিংসতার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। ওই সময়ে দেশজুড়ে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে এসব এলাকায়।
প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ায় নিহত হয়েছেন ৪৭৫ জন, যা মোট প্রাণহানির ৬১ শতাংশের বেশি। অন্যদিকে বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন ২৬৫ জন, যা মোট নিহতের প্রায় ৩৪ শতাংশ।
সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও এগিয়ে ছিল খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ। অন্যদিকে বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি সহিংসতার ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।
ক্রমবর্ধমান এসব সহিংসতার মধ্যে দুই প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

