বাহরাইনে হামলার সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে।
সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দ্রুত নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সরকারি সূত্র থেকে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ঠিক কী ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে কিংবা সম্ভাব্য হুমকির উৎস কোথায়, সে বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাহরাইনে এই সতর্কতা জারি করা হলো। দুই দেশের মধ্যে বিরোধ নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। পরবর্তী সময়ে এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলে সাময়িকভাবে পরিস্থিতির অবসান ঘটে। জুনে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তবে আলোচনা স্থবির হয়ে পড়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।
এমন পরিস্থিতিতে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

