logo

শেখ হাসিনাকে দেশে ফেরাতে যেসব পথ খুঁজছে ভারত

শেখ হাসিনাকে দেশে ফেরাতে যেসব পথ খুঁজছে ভারত
শেখ হাসিনা। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা ভারতের। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে বলেও আশা করছে তারা। তাকে নতুন করে বিচারের মুখোমুখি করারও সুযোগ দেওয়ার কথা বলেছে দেশটি।

ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। তাদের এই প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে টেলিগ্রাফ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় পর তিনি রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানান, চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান।

গত শুক্রবার প্রতিবেদনে প্রকাশিত হাসিনার ফেরাবিষয়ক ভারতের শর্তগুলো নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই। তবে বাংলাদেশ বা ভারত কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি।

দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো—প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়া আকাশপথ কিংবা স্থলপথে হতে পারে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থলসীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতিমাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব। সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে জানান তিনি।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

এর আগে ঢাকা বারবার হাসিনাকে ফেরত চেয়েছে। গত ৯ নভেম্বর তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের প্রদানের জন্য ব্রিটিশ এক ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন বলে গণমাধ্যমে খবর আসে। বিষয়টি সত্য হলে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

রয়টার্সের খবর অনুযায়ী, সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। হাসিনা রয়টার্সকে জানান, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

ডিসেম্বরের পরিকল্পনা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তারা হাসিনার সাথে তার ফেরার বিষয়ে আলোচনা করেছিলেন। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল। সামরিক পদক্ষেপের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সমন্বয় এবং তাকে রক্ষা করার বিষয়ে তারা আগ্রহী ছিল।

গত ৬ অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তবে এক সামরিক সূত্র এই বৈঠককে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হওয়ার সম্ভাবনার কথা জানান।

গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ফেসবুকে এক পোস্টে বলেন, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। তাই বাংলাদেশে ফেরাকেই তিনি তার শেষ বিকল্প হিসেবে দেখছেন।

ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।