logo

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক, বর্জনের ঘোষণা ট্রাক-পিকআপ ইউনিয়ন

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক, বর্জনের ঘোষণা ট্রাক-পিকআপ ইউনিয়ন
সিলেট বাস টার্মিনাল। ছবি: এশিয়া পোস্ট

সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। তবে এই কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার (১৪ নভেম্বর) পৃথক দুটি সভায় সংগঠনগুলো তাদের নিজ নিজ অবস্থানের কথা জানায়। তিন দফা দাবিতে শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সভা করে সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রমিকদের তিন দফা দাবি হলো– কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা থেকে ইউনিয়নের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ শীর্ষ নেতাদের নাম প্রত্যাহার। সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং পার্কিংয়ের নামে মামলা বন্ধ করা। ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

এদিকে শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজ কার্যালয়ে সভা করে কর্মবিরতি বর্জনের ঘোষণা দেয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, ঘোষিত এই কর্মসূচি আদালত অবমাননার শামিল। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। সভায় শ্রমিক নেতা আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।