ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। আগামী সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন তিনি। গত বছরের চার দিনের সামরিক সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
বিবৃতিতে বলা হয়, এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিরা এই সম্মেলনে সভ্যতার সংলাপ ও সাংস্কৃতিক বোঝাপড়া নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতার সংলাপ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানসহ এসসিওর ১০টি সদস্যদেশকে প্রথমবারের মতো আয়োজিত এই সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিল নয়াদিল্লি।
গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংলাপে অংশ নিতে এসসিওর কয়েকটি সদস্যদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়াদিল্লি এই সম্মেলন আয়োজন করতে আগ্রহী।
এসসিওর সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। দেশটি বিভিন্ন বৈঠকের আয়োজন করেছে ও সংস্থাটির অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিত্বও করেছে। এ ছাড়া এসসিওর দারিদ্র্য বিমোচনবিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপের স্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছে পাকিস্তান। এই গ্রুপের লক্ষ্য পুরো অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধানদের পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরের বছরের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরুর কয়েক মাস আগে জয়শঙ্করের ওই সফর ছিল প্রায় এক দশকের মধ্যে কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।
গত মাসে ভারতের এসসিওবিষয়ক জাতীয় সমন্বয়ক অলোক দিমরি ২০২৭ সালের আগস্টে অনুষ্ঠেয় এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিমূলক সভায় অংশ নিতে ইসলামাবাদ সফর করেন। ওই বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান।
ভারতীয় ওই কর্মকর্তা পিটিভি নিউজকে বলেন, ‘পাকিস্তানের মাটিতে এটাই আমার প্রথম সফর। এসসিও-সংশ্লিষ্ট কর্মসূচিগুলো বছরজুড়ে চলবে ও ইসলামাবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে।’
এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের সভাপতিত্বে পাকিস্তানের অংশগ্রহণ আঞ্চলিক সংস্থাটির সঙ্গে দেশটির সম্পৃক্ততার আরেকটি ধাপ। সংস্থাটি নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগের বিষয়েও গুরুত্ব দিচ্ছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্য হওয়ার পর থেকে সংস্থাটিতে পাকিস্তানের অংশগ্রহণ আরও সক্রিয় হয়েছে। তার মতে, এটি বহুপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক সম্পর্কের প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।
(2)-6182f1.jpg)



