পাকিস্তানি এজেন্টের ফাঁদ/প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে এক পৃষ্টা সামরিক নথি পাঠাতেন ভারতীয় সেনাকর্মকর্তা

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টের কাছে অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একজন উইং কর্মকর্তা। বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়াসহ স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থান তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে সরবরাহ করেছেন।
দিল্লি পুলিশের দাখিল করা এক অভিযোগপত্রে (চার্জশিট) চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় পাঁচ মাস ধরে ওই কর্মকর্তা কারাগারে।
পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল তার। এ সময় তিনি ওই ব্যক্তির কাছে গোপন সামরিক তথ্য সরবরাহ করেন। ১ এপ্রিল নিজের অফিসে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ধরা পড়েন বিমানবাহিনীর ওই কর্মকর্তা।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওই উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন পাকিস্তানি এজেন্ট। এর জবাবে তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পৃষ্ঠা শেয়ার করেন। এমনকি অভিযুক্ত ব্যক্তি একটি প্রস্তাবও দিয়েছিলেন। সেটা হলো প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধ পরিকল্পনার নথি থেকে একটি করে পৃষ্ঠা সরবরাহ করবেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কে পাকিস্তানি এজেন্টকে বিস্তারিত তথ্য দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা। এর মধ্যে ছিল ইউনিটটির জনবল, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম পরিচালনার পদ্ধতি। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, পরিচালন সক্ষমতা, একটানা উড্ডয়নের সময়সীমা এবং অস্ত্র লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থার বিবরণও ছিল।
পুলিশের মতে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে তথ্যও প্রকাশ করেছিলেন অভিযুক্ত কর্মকর্তা। শত্রুপক্ষের কাছে এ ধরনের তথ্য অত্যন্ত মূল্যবান হতে পারে। কারণ, এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সামরিক প্রস্তুতি এবং কৌশল সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, উইং কমান্ডার লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্যও শেয়ার করেছিলেন। পাশাপাশি রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়া সম্পর্কেও তথ্য দিয়েছিলেন তিনি।
অভিযুক্ত কর্মকর্তা যুদ্ধকালীন সেনা মোতায়েনের বিবরণ এবং স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর অবস্থানও প্রকাশ করেছিলেন। এসব তথ্য ফাঁসের ফলে সামরিক স্থাপনা ও অভিযানগুলোর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে জানায় দিল্লি পুলিশ।
এ মামলার সবচেয়ে গুরুতর তথ্যগুলোর একটি হলো, পাকিস্তানি এজেন্ট অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিলেন। সেগুলোর মধ্যে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছিল বলে অভিযোগ। এসব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত গোপন তথ্য হাতিয়ে নেয়া সম্ভব হতে পারে।
পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত তার অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন। অভিযুক্ত শুধু নিজেই তথ্য ফাঁস করেননি; সাইবার গুপ্তচরবৃত্তি সহজ করতে অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইসও ব্যবহারের চেষ্টা করেছিলেন। দিল্লি পুলিশ তাদের অভিযোগপত্রে ওই কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যে যোগাযোগের ডিজিটাল রেকর্ড উপস্থাপন করেছে।
অভিযুক্তের হোয়াটসঅ্যাপের তথ্য পরীক্ষা করে দুজনের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। এসব ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা কতটা সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন এবং এই ষড়যন্ত্রে অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
(2)-6182f1.jpg)

