logo

কানাইঘাট সীমান্তে ৪৮ বিস্ফোরক, ১০০ ডেটোনেটরসহ ১১ ফিউজ উদ্ধার

কানাইঘাট সীমান্তে ৪৮ বিস্ফোরক, ১০০ ডেটোনেটরসহ ১১ ফিউজ উদ্ধার
সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা দ্রব্যের মধ্যে রয়েছে ৪৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব দ্রব্য উদ্ধার করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩১৭ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলোর উৎস ও মালিকানা শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।