logo

নওগাঁয় কিশোর চালকদের মোটরসাইকেল জব্দ, অভিভাবকদের জরিমানা

নওগাঁয় কিশোর চালকদের মোটরসাইকেল জব্দ, অভিভাবকদের জরিমানা
কিশোর চালকদের অভিভাবকদের জরিমানা করে মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার অভিযোগে তাদের অভিভাবকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। একই সঙ্গে কিশোরদের চালিত মোটরসাইকেলগুলোও জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

ট্রাফিক বিভাগ জানায়, ​সাম্প্রতিক সময়ে নওগাঁর বিভিন্ন সড়কে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়, যা সাধারণ পথচারী ও চালকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছিল। অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক সময় কম বয়সিরা রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, যার ফলে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।

​এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, সড়ক দুর্ঘটনা রোধ এবং কিশোরদের ঝুঁকিপূর্ণ ড্রাইভিং থেকে বিরত রাখতে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কঠোর অবস্থান নিয়েছে। অভিযানের অংশ হিসেবে অপ্রাপ্তবয়স্ক চালকদের মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি আইন অমান্যকারী অভিভাবকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

​জেলা পুলিশের পক্ষ থেকে সব অভিভাবক ও সচেতন মহলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে কখনোই যেন মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া না হয়। লাইসেন্সবিহীন ও অপরিপক্ব বয়সে মোটরসাইকেল চালানোর অনুমতি দিয়ে তাদের নিশ্চিত দুর্ঘটনার মুখে ঠেলে না দেওয়ার জন্য অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

​সড়কে নিজের এবং অন্যের জীবন রক্ষা করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।