হারানো ৫১ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া মোবাইলগুলো ভুক্তভোগীদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মোবাইল শুধু কথা বলার ডিভাইস নয়, এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি থাকে; যা অনেক ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি অনেকে সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হন। তাই মোবাইল হারিয়ে বা চুরি হলে ভুক্তভোগীদের অবশ্যই তা লিখিত অভিযোগের মাধ্যমে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
মু. মাহবুবুর রশীদ আরও বলেন, যে ব্যক্তিদের কাছ থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো বিভিন্ন হাত ঘুরে আসায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে যাদের কাছে সেটগুলো পাওয়া গেছে, তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করা হচ্ছে। যদি পূর্বেও এ ধরনের ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ মেলে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা জানান, এই ডিভাইসগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিলেও শেষ পর্যন্ত হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এজন্য তারা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
