logo

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতার দাবি ‘এআই’

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতার দাবি ‘এআই’
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের দৃশ্য। ছবি : ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের দৃশ্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে একটি আবদ্ধ কক্ষে স্বেচ্ছাসেবক দলের ওই নেতার সহযোগিতায় ছাত্রদল নেতাকে ইয়াবা সেবন করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে অভিযুক্তদের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

তবে ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা মো. নাহিদ খান। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয়প্রতিপন্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করে ছড়িয়েছে।

নাহিদ খান বলেন, ‘আমার একটি সামাজিক অবস্থান রয়েছে। আমি এ ধরনের মাদকের সঙ্গে জড়িত নই, তা এলাকার মানুষ জানেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করে প্রচার করেছে বলে আমার ধারণা। এ বিষয়ে এর বেশি কিছু জানি না।’

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভিডিওটি নিয়ে সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, আমি এ ধরনের কোনো ভিডিও দেখিনি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। উপজেলা পর্যায়ে খোঁজখবর নিয়ে এমন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট