logo

নতুন রূপ পাচ্ছে সিলেটের ‘খাদিম পাম বাগান’, উন্নয়নকাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

নতুন রূপ পাচ্ছে সিলেটের ‘খাদিম পাম বাগান’, উন্নয়নকাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
খাদিম পাম বাগান উন্নয়নকাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: এশিয়া পোস্ট

পর্যটন নগরী সিলেটের অন্যতম আকর্ষণ খাদিম পাম বাগানকে আরও দৃষ্টিনন্দন ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৪ নভেম্বর) এ কাজের উদ্বোধন করা হয়েছে।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিমনগর চা বাগানে অবস্থিত এবং সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড সংলগ্ন প্রায় ৩০ একর জায়গাজুড়ে এ বাগানটি বিস্তৃত।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটে প্রতিদিন বিপুল পর্যটক আসেন। শহরের খুব কাছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এমন সুন্দর স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা গেলে পর্যটকরা সিলেটে আরও বেশি সময় অবস্থান করবেন। এতে স্থানীয় পর্যটন খাতের প্রসার ঘটবে এবং এলাকার মানুষের আয়-উপার্জন বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও বলেন, পাম বাগানের প্রবেশপথে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করা হবে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনসহ পর্যটকদের সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পর্যটকদের যাতায়াত সহজ করতে এলজিইডি সড়ক থেকে পাম বাগান পর্যন্ত রাস্তাটি আধুনিক ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।

এছাড়া, বাগান কর্তৃপক্ষের সম্মতিতে পাম বাগানের নিকটবর্তী একটি মাঠকে শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার ঘোষণা দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে মন্ত্রী চা শ্রমিকদের জন্য নির্মিত মন্দির পরিদর্শন করেন এবং বাগানের অবশিষ্ট উন্নয়নকাজ সম্পন্ন করতে বিশেষ ‘টি আর’ বরাদ্দের ঘোষণা দেন।