logo

পাঁচ দিনেও মেলেনি ঠাঁই, শূন্যরেখায় আটকে নারী

পাঁচ দিনেও মেলেনি ঠাঁই, শূন্যরেখায় আটকে নারী
সীমান্তের শূন্যরেখায় বসে আছেন ভুক্তভোগী নারী। ছবি : এশিয়া পোস্ট

পাঁচ দিন ধরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী। তাকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হচ্ছে না কোনো দেশই। ফলে খোলা আকাশের নিচে, তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে সময় কাটছে তার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, ওই নারী কখনো বাংলাদেশের দিকে, আবার কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না তিনি।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে পাঠানো হয়। এরপর থেকে তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা রমজান মিয়া বলেন, ‘আমরা সীমান্তের কাছে থাকি। ওই নারী কোথা থেকে এসেছেন, কোন এলাকার মানুষ, তা কেউ জানেন না। বিজিবি ও বিএসএফ—কেউ তাকে নিচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা খুব অস্বস্তিতে আছি। তার খাওয়াদাওয়ার ব্যবস্থা নেই। বিজিবি ও বিএসএফ সদস্যরা পাহারা দিচ্ছেন, তিনি যেন কোথাও যেতে না পারেন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত যেন বিষয়টির সমাধান করা হয়।’

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ওই নারীকে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছিল। তবে এখন তারা বিষয়টি স্বীকার করছে না। এ বিষয়ে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তাদের বক্তব্য, ওই নারী তাদের দেশের নাগরিক নন। অবৈধভাবে কাউকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট