পদ্মা-যমুনার তিন মাছের দাম ১ লাখ ১৪ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল ও দুটি চিতল মাছ। মাছ তিনটির মোট ওজন ৩৮ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া ঘাটের আড়তে উন্মুক্ত নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় মাছগুলো কেনার পর ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ তিনটি ধরা পড়ে। জেলে মন্টু হালদারের জালে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং জেলে মিঠু হালদারের জালে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ ধরা পড়ে।
পরে সকাল ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার একটি আড়তে নিয়ে আসেন জেলেরা। বড় আকৃতির মাছ দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ।
আড়তে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি ৫৮ হাজার ৫১৫ টাকায় কেনেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অন্যদিকে, ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন তিনি। সব মিলিয়ে মাছ তিনটির ক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।
মাছগুলো কেনার পর অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন সম্রাট শাহজাহান। পরে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে কাতল মাছটি ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং প্রতি কেজি ৪ হাজার টাকা দরে দুটি চিতল মাছ ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, শনিবার সকাল ১০টার দিকে আড়তের নিলামে অংশ নিয়ে মাছগুলো কেনেন তিনি। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

