logo

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ভর্তির আবেদনের সুযোগ নিশ্চিত করতে এ অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। এ সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর এসব আবেদনের ফল প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

কোন ইউনিটের পরীক্ষা কবে

- আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর

- বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর

- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর

- চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর

- ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।