বগুড়ায় কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর, পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আট বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদ্যাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।
এবার পুরস্কার পাচ্ছেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে ‘আনর্ত’ পত্রিকার সম্পাদক রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটোসাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়েজিদ শেখ।
লিখিত বক্তব্যে ইসলাম রফিক বলেন, ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগান ধারণ করে বগুড়া লেখক চক্র দীর্ঘ ৩৮ বছর ধরে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় কাজ করছে। প্রতি বছরের মতো এবারও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন।

আগামী ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দুটি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্মারকগ্রন্থ এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশ করা হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর বিকেল ৪টায় পুরস্কারপ্রাপ্ত আটজনের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে। ইসলাম রফিক জানান, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন।
এ সময় বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খৈয়াম কাদের, সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, শাকিবুল শাকিল, শাহানূর শাহিন, প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’-এর প্রতিনিধি অলক পালও অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও সুধীজনের সহযোগিতা কামনা করেন কবি ইসলাম রফিক।

