খুলনায় হত্যাকাণ্ড-চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দাবি

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খুলনা জেলা শাখা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ খুলনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, অপরাধী ও চাঁদাবাজরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ছোট-বড় প্রায় সব শ্রেণির ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে। হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
এতে আরও বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও প্রকাশ্যে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এনসিপির দাবি, এসব অপরাধের পেছনে কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো
১. খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি ও নিষ্পত্তির তথ্যসহ পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ।
৩. পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠন।
৪. প্রতিটি অপরাধের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা।
৫. অপরাধচক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা।
৬. অভিযোগকারীর পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর জন্য বিশেষ হটলাইন চালু করা।
৭. গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি ও শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করা।
দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, অন্যথায় খুলনার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির খুলনা জেলা শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
