নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলা করায় দাফনে বাধা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করায় তার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে নিহতের ছেলে বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
নিহত বৃদ্ধের নাম মীর হোসেন (৭০)। তিনি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় বল এক নারীর গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় মীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নেওয়ার পর দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় স্থানীয় একটি পক্ষ বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনে বাধা দেওয়া এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার বিকেল সাড়ে ৫টায় মরদেহ দাফন করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মরদেহ দাফন নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

