logo

চোরাচালান ও অনুপ্রবেশ রোধে শেরপুর সীমান্তে বিজিবির মহড়া

চোরাচালান ও অনুপ্রবেশ রোধে শেরপুর সীমান্তে বিজিবির মহড়া
শেরপুরের গারোকোনা সীমান্তে ৩৯ বিজিবির বিশেষ মহড়া এবং নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন ও এআই ক্যামেরা। ছবি: এশিয়া পোস্ট

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সংশ্লিষ্ট ক্যাম্পে দুটি এটিভি (অল-টেরেন ভেহিকল) ও ড্রোন ক্যামেরা প্রদান করা হয়েছে; এছাড়া স্থাপন করা হয়েছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি গাড়ি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।