বিরোধী দল মানেই আগামীদিনে জামায়াত সরকারি দল হবে: এটিএম মাছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, সব চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত এ পর্যায়ে এসেছে। জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননের কাজ চলছে। সব ষড়যন্ত্র মেকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে চব্বিশের ৫ আগস্টের চেয়েও বড় বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সৎ, খোদাভিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইতোমধ্যে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দল মানেই আগামীদিনে জামায়াত সরকারি দল হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের শপথপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মাছুম তার বক্তব্যে বলেন, দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ মানুষকে দায়িত্বশীল রূপে সৃষ্টি করেছেন। তাদের কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এর ব্যত্যয় হলে অমুসলিমদের হাতে ক্ষমতা দেবেন। অন্য জাতির নেতা আছে, আমাদের নাই। ইসলামী খেলাফত তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য উখওাানুল মুসলিমিন এবং উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করছে।
মাছুম আরও বলেন, জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তেল, গ্যাস, সারের দাম আকাশচুম্বী। সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। ৯০ ভাগ মুসলমানদের দেশে জাতিস্বত্তার ওপর আঘাত হানছে। সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছে না। জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য ১১ দল রাজপথে নেমেছে। সামনে আরও কর্মসূচি আসছে।
নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীন।
এর আগে গত ২১ ও ২২ অক্টোবর ফেনী জেলা আমির পদে নির্বাচনে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ৩ নভেম্বর রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে মুফতি আবদুল হান্নানকে আমির হিসেবে নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পটপরিবর্তনের পর জামায়াত আমির নির্বাচিত হন মুফতি আবদুল হান্নান। এর আগে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শহর আমিরের দায়িত্বে পালন করেন।
আবদুল হান্নান ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি। জীবনের শুরু থেকে তিনি ফেনী ও আশপাশের এলাকায় ইসলামিক সুবক্তা হিসেবেও পরিচিত। পতিত আওয়ামী লীগের আমলে আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়ায় তিন ডজন মামলার আসামি হয়ে চারবার কারাভোগ করেন তিনি।
