সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অবৈধভাবে ট্রলিং করে মাছ ধরার সময় দুটি বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত তিনটার দিকে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’। এ সময় সমুদ্রে মাছ ধরারত দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয় এবং বোট দুটিতে থাকা ৩৮ জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
