logo

এবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় খাবার-পানি মজুতের পরামর্শ কানাডার

এবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় খাবার-পানি মজুতের পরামর্শ কানাডার
কানাডায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ। ছবি: এক্স থেকে নেওয়া

যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের পর এবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কানাডার সরকার। অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিনের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, তুষারঝড়, বন্যা, দাবানল কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি সেবা ব্যাহত হতে পারে বলে আগাম সর্তকবার্তা দিয়েছেন দেশটির কর্মকর্তারা।

কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভির প্রতিবেদনে সম্প্রতি এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটির জননিরাপত্তা বিভাগ বলেছে, এই আগাম সতর্কবার্তাটি নতুন কোনো নির্দেশনা নয়। বহু বছর ধরেই নাগরিকদের এ পরামর্শ দেওয়া হচ্ছে। এই নির্দেশনায় জরুরি পরিস্থিতিতে পানি, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক পরিষেবা বন্ধ হলে কীভাবে নিজেদের এবং পরিবারের সদস্যদের প্রয়োজন মেটানো যায়, সে প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে। তবে কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে কোনো নির্দিষ্ট আসন্ন ঘটনার সম্পর্ক রয়েছে, এমন ইঙ্গিত নেই। বিশেষজ্ঞরা অবশ্য কানাডার বাসিন্দাদের জরুরি মজুত ও প্রস্তুতির পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন।

৭২ ঘণ্টার প্রস্তুতি নতুন নয়

কানাডার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা নিজেদের ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার মতো প্রস্তুতি রাখতে বহু বছর ধরেই নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। বিভাগটির মুখপাত্র জারা মালিক সিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘জরুরি অবস্থার সময় অন্তত ৭২ ঘণ্টা নিজেদের ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে কানাডাবাসীকে বহু বছর ধরে উৎসাহিত করা হচ্ছে।’

কানাডার দুর্যোগ পুনরুদ্ধার ইনস্টিটিউটের প্রশিক্ষক সুজান বার্নিয়ের গত ৪ নভেম্বর সিটিভির ‘ইয়োর মর্নিং’ অনুষ্ঠানে বলেন, কয়েক দশক ধরেই এ পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে ও কানাডায় আমরা যে বার্তা শুনছি, তা নতুন কিছু নয়। প্রায় ৩০ বছর আগেও আমরা একই বার্তা দিয়েছি।’

কানাডার জননিরাপত্তা বিভাগ বলেছে, ৭২ ঘণ্টা হলো প্রস্তুতির ন্যূনতম সময়সীমা। কোনো কোনো এলাকায় মৌলিক পরিষেবা চালু করতে বা জরুরি সেবাকর্মীদের বাসিন্দাদের কাছে পৌঁছাতে এর চেয়ে বেশি সময় লাগতে পারে।

সাত দিনের প্রস্তুতির পরামর্শ

কানাডার দুর্যোগ পুনরুদ্ধার ইনস্টিটিউটের প্রশিক্ষক সুজান বার্নিয়ের মনে করেন, পরিবারগুলোর অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার কথা বিবেচনা করা উচিত। তার মতে, শুধু ৭২ ঘণ্টার প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না।

বার্নিয়ের বলেন, ‘আমরা দেখছি, আমরা কোথায় আছি, তা আসলে কোনো বিষয় নয়। সব জায়গাই লক্ষ্যবস্তু। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা বিশেষ উদ্বেগের বিষয়। প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার হামলার শিকার হবে। এটি শুধু সময়ের ব্যাপার।’

ইউরোপসহ বিভিন্ন দেশের প্রস্তুতি

যুক্তরাজ্য গত ২২ অক্টোবর ‘বি রেডি’ নামে একটি প্রচারাভিযান শুরু করে। এতে নাগরিকদের বাড়িতে অন্তত তিন দিন চলার মতো প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখতে বলা হয়। সাইবার হামলা ও প্রতিকূল আবহাওয়ার মতো ঝুঁকির কথা উল্লেখ করে এ পরামর্শ দেওয়া হয়।

ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের কর্তৃপক্ষও গত ২৭ অক্টোবর বাসিন্দাদের ৭২ ঘণ্টার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ একটি ব্যাগ প্রস্তুত রাখার আহ্বান জানায়। এ বিষয়ে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘জরুরি অবস্থার জন্য অপেক্ষা করবেন না, এখনই প্রস্তুতি নিন।’

অন্যদিকে, জাপান নতুন একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা চালু করেছে। একই সঙ্গে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা পর্যালোচনা এবং অন্তত তিন দিনের জন্য পানি ও বহনযোগ্য শৌচাগারের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে দেশটি। তবে এসব দেশের ঘোষণার মধ্যে কোনো সমন্বয় ছিল কিংবা কোনো নির্দিষ্ট আসন্ন জরুরি পরিস্থিতির কারণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট