১৯ দিন পর ইনানীর সেই গ্যাসকূপে আগুন নির্বাপণ কাজে নামল বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৯ দিন পর নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম ব্যবহার করে এ কাজ শুরু হয়। এর আগে সকালে প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। গত শুক্রবার সকাল থেকে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়েছে।
শনিবার সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল গ্যাসকূপটি পরিদর্শন করে। এ সময় গ্যাসের প্রবাহ, চাপ ও কূপটির সম্ভাব্যতাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। তবে এখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হবে কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আপাতত জ্বলন্ত আগুন নিরাপদে নেভানো ও গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনাই আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম আনা হয়েছে। তবে কবে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের মজুত ও উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে বিশেষজ্ঞ দল কাজ করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর বাড়িতে গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে তাতে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিল।
বাপেক্সের নয় সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম জানান, গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। ফলে এভাবে অনিয়ন্ত্রিত অবস্থায় গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, নলকূপ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিল। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
বিশেষজ্ঞদের মতে, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়ার বিষয়টি এ সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এসব গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থ।
ইনানীতে অনুসন্ধানে পর্যাপ্ত গ্যাসের মজুত পাওয়া গেলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে সে সম্ভাবনা নির্ভর করছে পরবর্তী অনুসন্ধান ও কারিগরি মূল্যায়নের ফলাফলের ওপর।
