logo

‘ভারত মহাসাগর’ পর্যন্ত ছড়াবে যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

‘ভারত মহাসাগর’ পর্যন্ত ছড়াবে যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
আবারও আক্রান্ত হলে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করার হুঁশিয়ারি ইরানের। ছবি: তুর্কি টুডে

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার কোনো ধরনের সামরিক হামলা চালালে চলমান সংঘাতের রণাঙ্গন পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর এবং তারও বাইরে বিস্তৃত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল ও বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার সাফল্যের প্রশংসা করেন।

মেজর জেনারেল সাফাভি বলেন, ‘সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন বা তেল আবিব যদি হামলা পুনরায় শুরু করে, তবে এই সংঘাতের রণাঙ্গন আরও বড় হয়ে ভারত মহাসাগরে এবং সম্ভবত তার চেয়েও দূরের বিস্তৃত অঞ্চলে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো সামরিক পদক্ষেপ বা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী একাধিক সুনির্দিষ্ট ও কঠোর পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

লোহিত সাগরে হুতিদের অবস্থানের প্রশংসা করে সাফাভি বলেন, ‘গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনি জনগণ যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে বীরত্বের সঙ্গে রুখে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে স্পষ্টভাবে সতর্ক করে বলতে চাই, আমেরিকানরা যদি নতুন করে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, তবে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে তাদের চোখের সামনেই যুদ্ধের এক সম্পূর্ণ নতুন ফ্রন্ট বা সক্রিয় রণাঙ্গন উন্মোচিত হয়ে যাবে।’