২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও ছুটির সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ক্যালেন্ডার অনুসারে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর।
আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
এদিকে হিজরি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪-২৫ ডিসেম্বরও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ রয়েছে।
তবে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রোজা।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ ক্ষেত্রেও চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।
উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।
তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডার এবং গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে কিছুটা পার্থক্য রয়েছে। তাই চূড়ান্ত তারিখ জানতে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।

