ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা

নেপালের সাম্প্রতিক ভয়াবহ হড়পা বন্যার পর প্রতিবেশী দেশ ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বিপুল জলরাশি নেমে আসায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভারতের দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং-সহ বিস্তীর্ণ এলাকায়।
প্রাথমিক খবর অনুযায়ী, ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলে ওয়াকিলা পর্বতের পাদদেশে অবস্থিত শিন্তাফু (Shintaphu) হিমবাহ হ্রদ থেকে আচমকাই বিপুল পরিমাণ পানি আসতে শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। হিমবাহ হ্রদের পানি উপচে নীচের নদীখাতে নেমে আসায় ভেসে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভুটানের দুর্গম লায়া অঞ্চল।
এই ঘটনাকে কেন্দ্র করে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) বা হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হ্রদ থেকে বেরিয়ে আসা পানি মফু নদী হয়ে সঙ্কোশ নদীর দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে সঙ্কোশ নদী এবং তার সঙ্গে যুক্ত শাখা নদীগুলির অববাহিকায় বন্যার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্কোশ নদী ও সংলগ্ন নদী অববাহিকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রশাসন। পাশাপাশি দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পর ভুটানের এই হিমবাহজনিত ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
