logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

শেখ হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমস
শেখ হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশ এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেxয়ার বিষয়টি ঘিরে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গত দেড় সপ্তাহে তাদের তাণ্ডব, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় প্রাণ গেছে চারজনের।

Advertisement

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত ও রোববার (২২ নভেম্বর) হালনাগাদ করা এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের কিছু এলাকায় রাস্তায় শেখ হাসিনার সমর্থকদের তাণ্ডব ও পুলিশের ওপর হামলার পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপরও হামলা করা হচ্ছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ঘটনাকে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত সীমিত পরিসরের রাষ্ট্রবিরোধী সহিংস তৎপরতা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও।

এই অস্থিরতার নেপথ্যে কারা

গত দেড় সপ্তাহ ধরে শেখ হাসিনার সমর্থকরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যত এসব তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা গণপরিবহন, থানা এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া বাসে আগুন দেওয়ার ঘটনায় গণপরিবহনের দুই কর্মীও প্রাণ হারিয়েছেন।

এই সহিংসতায় সরাসরি অংশ নিচ্ছেন আওয়ামী লীগের সদস্যরা। ২০২৪ সালে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত যে রাজনৈতিক দলটির নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। সে বছর কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যখন তার বাসভবনের কাছাকাছি পৌঁছে যায়, তখন তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে আওয়ামী লীগ এই সহিংসতার নিন্দা জানিয়েছে। তারা তাদের কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে অভিহিত করেছে এবং কোনো ধরনের অগ্নিসংযোগ বা মানুষ ও সম্পদের ওপর হামলার দায় স্বীকার করে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা দলের রাজনৈতিক লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি কেবল তাদেরই সুযোগ করে দেয়, যারা আবারও দমন-পীড়নের অজুহাত খুঁজছে।’

সাম্প্রতিক বিক্ষোভের বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেননি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

গত বছরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। দেশটির প্রধান কৌঁসুলি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই বিচার বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।