logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক
শেখ হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার সুবিধাজনক রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চারজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

Advertisement

পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক
টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প রুট নিয়েও চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখবেন আওয়ামী লীগ নেতারা।

আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তারা।

নিউজ ১৮ ও এই সময়-এর খবরে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুধু একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখতে চায় আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট