logo

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী
মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। এ আন্দোলনে অনেক তরুণ প্রাণ দিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে মহম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও হলরুমে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

Advertisement

বক্তব্যে বিগত সময়ের আন্দোলন-সংগ্রাম, নির্বাচনব্যবস্থা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী বলেন, মহম্মদপুরে প্রথম শহীদ হন রাজাপুরের মারুফ। এ ছাড়া ৪ আগস্ট মহম্মদপুরে দুজন এবং মাগুরায় রাব্বি হত্যাকাণ্ডের শিকার হন। ২০১৩ সালে মাগুরার শালিকায় বশিরসহ আরও অনেকের হত্যাকাণ্ডের কথাও স্মরণ করেন তিনি।

গত ১৮ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে নিতাই রায় চৌধুরী বলেন, ভোটের নামে তামাশা হয়েছে। দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়েছে, যেখানে প্রশাসনের লোকজনও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো নির্বাচনেই ২০ থেকে ৩০টির বেশি আসন পাওয়া যাবে না—এমন আশঙ্কা থেকেই দিনের ভোট রাতে কেটে বিনা ভোটে ক্ষমতা দখল করা হয়েছিল।

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, টানা আন্দোলনে দুই হাজারের বেশি তরুণ ও ছাত্র-জনতা নিহত হয়েছেন। একপর্যায়ে ঢাকা শহরসহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা পালিয়ে যান। তার পালানোর পর মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট অনেকেই পালিয়ে যান বলে জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। এ ছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

সভা শেষে আমিনুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহম্মদপুর বাজার প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘অ্যাকশন টু অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসী আর করিস না—পিঠের চামড়া থাকবে না’ এবং ‘অত্যাচার আর করিস না—পিঠের চামড়া থাকবে না’সহ নানা স্লোগান।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট