logo

‘নিজের তৈরি করা আইনেই ফিরতে হবে শেখ হাসিনাকে’

‘নিজের তৈরি করা আইনেই ফিরতে হবে শেখ হাসিনাকে’
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সংবিধান। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সরকারের ক্ষমতার সীমা কোথায়, নাগরিকের অধিকার কী—এসবই নির্ধারিত হয় সংবিধানে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ বার সংবিধান সংশোধন করা হয়েছে, তবুও সংবিধান নিয়ে জটিলতা শেষ হয়নি। এসব বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন ‘আলাপন’-এ অতিথি হয়েছিলেন সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও লেখক অ্যাডভোকেট আরিফ খান। সংবিধান নিয়ে তার লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান’, ‘সংবিধানের কলকব্জা’ ও ‘বাংলাদেশের সংবিধান’। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকার থেকে বিএনপি, সংস্কার নাকি সংশোধন, বিচারব্যবস্থা ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালনা করেছেন রাহাত রূপান্তর।

এশিয়া পোস্ট: আমাদের দেশে সংবিধান নিয়ে কথা ওঠে মূলত রাজনৈতিক সংকটের সময়। সাধারণ মানুষ ভাবে ওটা আইনজীবী আর নেতাদের ব্যাপার। একজন রিকশাচালক বা দোকানির জীবনে সংবিধান আসলে কোথায় কাজ করে?

Advertisement

অ্যাডভোকেট আরিফ খান: সংবিধান হলো রাষ্ট্রের পরম, মুখ্য ও সর্বোচ্চ আইন। রাষ্ট্রের অন্য সব আইন এই সংবিধানের অধীনে এবং এর নীতি মেনেই প্রণীত হয়। ফলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রান্তিক একজন রিকশাচালক কিংবা সাধারণ দোকানি, দেশের সর্বস্তরের প্রতিটি নাগরিকের জন্যই সংবিধান সমানভাবে প্রযোজ্য।

একজন সাধারণ নাগরিককে প্রতিদিন সংবিধানের অনুচ্ছেদগুলো মুখস্থ রেখে চলাফেরা করতে হয় না, কিন্তু রাষ্ট্র তাদের যেসব সেবামূলক সুবিধা দেয়, সেগুলো সংবিধানের আলোকেই পরিচালিত হয়। উদাহরণস্বরূপ, দুস্থদের মধ্যে চাল বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান কিংবা টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, এগুলোর পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট আইন রয়েছে। আর সেই আইনগুলো তৈরি হয়েছে সংবিধানের জনকল্যাণমূলক নীতি অনুসরণ করে। ফলে মানুষ সরাসরি না জানলেও সংবিধানের সুরক্ষাবলয়ের মধ্য থেকেই রাষ্ট্র থেকে এসব সুবিধা পাচ্ছে। তবে যারা সচেতন, তারা জানেন যে সরকারের প্রতিটি কাজ নীতিগতভাবে সংবিধান অনুসরণ করে হতে হয়; অন্যথায় তা অসাংবিধানিক বা বেআইনি বলে গণ্য হয়।

এশিয়া পোস্ট: সংবিধানে বলা হয়েছে জনগণই ক্ষমতার মূল উৎস। কিন্তু সাধারণ নাগরিকদের সংবিধান সচেতন করতে কি কখনও সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?

অ্যাডভোকেট আরিফ খান: এটি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার একটি বড় বৈষম্য ও অভাব। ঔপনিবেশিক মানসিকতার কারণে সরকারি কর্তারা নিজেদের প্রভু এবং জনগণকে প্রজা মনে করেন। অথচ সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার, সকল কর্তৃত্বের ও মূল সার্বভৌমত্বের মালিক জনগণ। জনগণ কেবল প্রতি পাঁচ বছর পর পর ভোট দিয়ে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হস্তান্তর করে, যাকে ‘ডেলিগেশন’ বা হস্তান্তরিত দায়িত্ব বলা হয়। কিন্তু গত ৫৪ বছরে দেশের মানুষকে সংবিধান সম্পর্কে সচেতন করতে কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি, যাকে আমরা বলি ‘সাংবিধানিক শিক্ষা’ বা কনস্টিটিউশনাল লিটারেসি।

যেহেতু জনগণই রাষ্ট্রের মূল মালিক, তাই যে কোনো পদাধিকারী ব্যক্তিকে, তিনি মন্ত্রী, এমপি কিংবা কর্মকর্তা যা-ই হোন না কেন, প্রশ্ন করার সাংবিধানিক অধিকার নাগরিকদের রয়েছে। তারা আইন ও সংবিধান মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, সেই জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার সাধারণ মানুষের আছে এবং সাংবাদিকরা মূলত জনগণের পক্ষ থেকেই এই কাজটি করে থাকেন।

এশিয়া পোস্ট: পুলিশ কাউকে ধরে থানায় নিয়ে গেলে তার কী কী অধিকার আছে, যা বেশির ভাগ মানুষ জানেন না? তার পরিবার কীভাবে আইনি সুরক্ষা চাইবে?

অ্যাডভোকেট আরিফ খান: পুলিশ চাইলেই যখন-তখন কোনো নাগরিককে গ্রেপ্তার করতে পারে না। আমাদের সংবিধানের ৩৩ এবং ৩৫ নম্বর অনুচ্ছেদে পুলিশি ক্ষমতার স্পষ্ট ও বাধ্যবাধকতা নির্দেশিকা দেওয়া রয়েছে।

প্রথমত, কোনো উপযুক্ত ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ হুট করে পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেপ্তার করতে পারে না। পরোয়ানা জারির ক্ষমতা বিচারকের, পুলিশের নয়। দ্বিতীয়ত, পুলিশের মধ্যে ‘সন্দেহের বশে’ গ্রেপ্তার করার যে প্রবণতা রয়েছে, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় অনুযায়ী তা পুরোপুরি বেআইনি এবং সংবিধানের সঙ্গে সাংভাষিক। তৃতীয়ত, গ্রেপ্তার করার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা বাধ্যতামূলক, যাতে বিচারক দেখতে পারেন কোনো নির্যাতন বা আইনি লঙ্ঘন হয়েছে কি না। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তির নিজের পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং জামিন বা আইনি সুরক্ষার আবেদন করার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে।

এশিয়া পোস্ট: সংবিধানে সরকারের মেয়াদ পাঁচ বছর। কিন্তু নির্বাচিত কোনো সরকার যদি জনবিরোধী কাজ শুরু করে, তবে সংবিধানে কি মধ্যবর্তী নির্বাচন বা বিকল্প কোনো প্রতিকারের সুযোগ আছে?

অ্যাডভোকেট আরিফ খান: আমাদের সংবিধানে সরকার পরিচালনার মেয়াদ পাঁচ বছর নির্দিষ্ট করা রয়েছে। বিশ্বের কিছু দেশের (যেমন যুক্তরাষ্ট্রের) সংবিধানে ‘মিডটার্ম’ বা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা থাকে, যার মাধ্যমে সংসদীয় মেয়াদের মাঝপথেই সরকারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করা যায়। এতে সরকার চাপে থাকে এবং জনবিরোধী কাজ না করে সঠিক পথে চলতে বাধ্য হয়।

আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের সেই ব্যবস্থা নেই। তবে সংবিধানে পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও মালিক কিন্তু জনগণই। যদি কোনো সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়, তবে সংবিধানে ৩৮ নম্বর অনুচ্ছেদে সভা-সমাবেশ, প্রতিবাদ ও ‘না’ বলার মৌলিক অধিকার নাগরিকদের দেওয়া রয়েছে। একটি বৈধ নির্বাচনে আসা সরকার যদি জনবিরোধী পথ ধরে, তবে জনগণ রাজপথে নেমে আন্দোলন করে সেই সরকারকে নামিয়ে দেওয়ার অধিকার রাখে, যেটি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ঘটেছে। শেখ হাসিনার আমলে রাতের ভোট ও ভুয়া নির্বাচনের মাধ্যমে যে স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধে এই জনবিস্ফোরণ ছিল সংবিধান স্বীকৃত অধিকারের ফল।

এশিয়া পোস্ট: সংবিধান থাকলেই কি দেশ গণতান্ত্রিক হয়ে যায়, নাকি সংবিধান কীভাবে মানা হচ্ছে সেটাই আসল?

অ্যাডভোকেট আরিফ খান: সংবিধানে কিছু লিখিত কথা বহাল থাকলেই একটি রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে যায় না। শেখ হাসিনাও একইভাবে আন্তর্জাতিক বিশ্ব ও দেশের মানুষকে ধোঁকা দিয়েছিলেন। তিনি সংবিধানে গণতন্ত্রের কথা বহাল রেখেছিলেন, কিন্তু ভেতর থেকে সংবিধানের মূল আত্মাটিকেই কেটে বাদ দিয়েছিলেন। সংবিধানের আসল আত্মা হলো সুষ্ঠু ভোটাধিকার এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ।

একটি রাষ্ট্রকে সত্যিকারের গণতান্ত্রিক হতে হলে তিনটি বিষয় অক্ষুণ্ন থাকতে হবে। প্রথমত, আইনের শাসন। আইনের চোখে সবাইকে সমান হতে হবে। ক্ষমতাশালী ব্যক্তি ও সাধারণ নাগরিকের জন্য আলাদা বিচারব্যবস্থা থাকতে পারবে না। দ্বিতীয়ত, অবাধ ভোটাধিকার। জনগণ যাতে পূর্ণ স্বাধীনতা নিয়ে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি ও শাসক নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ক্ষমতার পৃথকীকরণ (Check and Balance)। সংবিধানকে যদি একটি গাছের সঙ্গে তুলনা করি, তাহলে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ হলো তার তিনটি সমান্তরাল ডাল। কেউ কারও অধীন নয়। সংসদ আইন প্রণয়ন করে, কিন্তু তার ব্যাখ্যা দিতে পারে না। সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা দেয় এবং অসাংবিধানিক আইন বাতিল করে, কিন্তু নতুন আইন তৈরি বা প্রয়োগ করতে পারে না। অন্যদিকে নির্বাহী বিভাগ বা পুলিশ আইন প্রয়োগ করে, কিন্তু নিজেরা আইন তৈরি বা ব্যাখ্যা করতে পারে না।

আওয়ামী লীগ সবসময় বড় গলায় সংবিধানের কথা বললেও ইতিহাস প্রমাণ করে, তারা বারবার সংবিধানকে হত্যা করে রাষ্ট্রক্ষমতাকে ফ্যাসিস্ট কাঠামোয় রূপান্তর করেছে। ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা এবং ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা সংবিধানের মূল আত্মাকে কেটে বাদ দিয়েছিলেন এবং ক্ষমতা চিরস্থায়ী করার ব্যবস্থা করেছিলেন।

সংবিধানে ভোটাধিকার নিশ্চিত করা থাকলেও বাস্তবে জনগণ সেই অধিকার প্রয়োগ করতে পারেনি। সকালে ভোট দেওয়ার আগেই রাতের অন্ধকারে দলের লোকজনকে দিয়ে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখা হতো। শেখ হাসিনা সংবিধানের লেখাগুলো বহাল রেখে আন্তর্জাতিক বিশ্ব ও দেশের মানুষকে ধোঁকা দিয়েছিলেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের স্বাধীনতা খর্ব করা, সংসদকে কেবল ব্যক্তিবন্দনা ও স্তুতির জায়গায় পরিণত করা এবং নির্বাহী বিভাগসহ সব ক্ষমতা এককভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সংবিধানস্বীকৃত ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্যের কাঠামো তিনি সম্পূর্ণ ধ্বংস করেছিলেন।

এশিয়া পোস্ট: বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে কোন কোন সংশোধনীর মাধ্যমে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছিল?

অ্যাডভোকেট আরিফ খান: সংবিধানে এ পর্যন্ত ১৫টি সংশোধনী আনা হয়েছে। তবে সংবিধানের মূল কাঠামোর ওপর বড় ধরনের আঘাত এসেছিল দুটি সংশোধনীর মাধ্যমে। প্রথমত, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমানের আমলে গৃহীত চতুর্থ সংশোধনী বা বাকশাল। এর মাধ্যমে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বদলে একব্যক্তি শাসিত রাষ্ট্রপতি ব্যবস্থা জারি করা হয়, বিচার বিভাগকে রাষ্ট্রপতির অধীনস্থ সংস্থায় রূপান্তর করা হয় এবং কোনো নির্বাচন ছাড়াই সংসদে আইন পাস করিয়ে সংসদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, ২০১১ সালের ১৫তম সংশোধনী। শেখ হাসিনা এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের মূল ভোটাধিকার কেড়ে নেন এবং দেশে স্থায়ী স্বৈরাচারী শাসনের ভিত্তি স্থাপন করেন। এই দুই ঘটনার মাধ্যমেই সংবিধানের আত্মাকে হত্যা করা হয়েছিল।

এশিয়া পোস্ট: ৫ আগস্ট সরকার পতনের সময় সংবিধান কি কাজ করেছিল? অন্তর্বর্তী সরকার তো সংবিধানে লেখা নেই। এই সরকারের বৈধতা কীভাবে ব্যাখ্যা করবেন?

অ্যাডভোকেট আরিফ খান: অন্তর্বর্তী সরকার শতভাগ সাংবিধানিক ও আইনিভাবে বৈধ। যখন প্রধানমন্ত্রী পলায়ন করেন, সংসদ ভেঙে দেওয়া হয় এবং সাংবিধানিক পদগুলো অকার্যকর হয়ে পড়ে, তখন রাষ্ট্রকে কোনো বেওয়ারিশ বা অরাজক অবস্থায় ফেলে রাখা যায় না। এই ধরনের অভূতপূর্ব সংকটময় পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনায় সংবিধানে ১০৬ নম্বর অনুচ্ছেদের বিধান রয়েছে।

এই অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রীয় সংকটে সুপ্রিম কোর্টের বিশেষ পরামর্শ চাওয়া যায়। ভারত, পাকিস্তান ও সাবেক ব্রিটিশ আইনি কাঠামোতেও এই বিধান বিদ্যমান ছিল। সংবিধানে ‘অন্তর্বর্তী সরকার’ শব্দটি হুবহু লেখা না থাকলেও, ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পষ্ট মতামত ও রায়ের মাধ্যমেই ড. মুহাম্মদ ইউনূসের সরকার গঠিত হয়েছে এবং এর পূর্ণ আইনি বৈধতা প্রদান করা হয়েছে।

এশিয়া পোস্ট: সংবিধান সংস্কার আর সংশোধন, সাধারণ মানুষের কাছে দুটোই এক শব্দ। আসলে পার্থক্য কী? আর এ নিয়ে এত টানাপোড়েন কেন?

অ্যাডভোকেট আরিফ খান: আভিধানিক বা শব্দগত দিক থেকে ‘সংস্কার’ ও ‘সংশোধন’-এর মধ্যে তেমন বড় তফাত নেই, তবে এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। জামায়াতে ইসলামীসহ কিছু দল মনে করে, বিদ্যমান সংশোধন পদ্ধতির বাইরে গিয়ে একটি বিশেষ ‘গণপরিষদ’ গঠনের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা দরকার, যেটিকে তারা সংস্কার বলছে। অন্যদিকে, বিএনপির অবস্থান হলো, বিশেষ কোনো কাঠামোর প্রয়োজন নেই, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়েই প্রয়োজনীয় সংশোধন ও রূপান্তর ঘটানো সম্ভব। তবে এই দুই ভিন্ন মেরুর মধ্যে একটি রাজনৈতিক সমঝোতায় আসা জরুরি, না হলে বিগত স্বৈরাচারের দোসররা অস্থিতিশীলতা তৈরি করার সুযোগ পাবে।

এশিয়া পোস্ট: প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, সংসদের উচ্চকক্ষ, এসব শব্দ বারবার শুনছি। এগুলো বদলালে দেশের পাশাপাশি একজন সাধারণ মানুষের জীবনে কী পরিবর্তন আসবে?

অ্যাডভোকেট আরিফ খান: রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতার অপব্যবহার ঠেকাতেই এসব প্রস্তাব আনা হচ্ছে। কোনো ব্যক্তি যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতার শীর্ষে বহাল থাকেন, তবেই স্বৈরাচারী হওয়ার পথ উন্মুক্ত হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দুই মেয়াদের (১০ বছর) জন্য নির্ধারণ করা হয় এবং সংসদে দ্বিকক্ষ ব্যবস্থা চালু থাকে, তবে শীর্ষপর্যায়ের ক্ষমতায় একটি কার্যকর জবাবদিহিতা ও ভারসাম্য তৈরি হবে। আর শীর্ষপর্যায়ে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি কমলে প্রশাসনের মাঠপর্যায়েও তার সুফল সাধারণ মানুষ নির্যাতন ও ভোগান্তি থেকে মুক্তির মাধ্যমে পাবেন।

এশিয়া পোস্ট: ক্ষমতার ভারসাম্য রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধানে আর কোন কোন বিষয় সুনির্দিষ্ট করা জরুরি বলে আপনি মনে করেন?

অ্যাডভোকেট আরিফ খান: আমাদের মূল সংবিধানটি একটি আদর্শ রূপরেখা। তবে নির্বাচন কমিশন, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পিএসসি এবং সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা দরকার। সংবিধানে এমন সুনির্দিষ্ট অনুচ্ছেদ থাকা উচিত যাতে এই প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত লোকবল ও নিজস্ব বাজেট বরাদ্দ দেওয়া হয় এবং তারা সরকারের বা নির্বাহী বিভাগের হুকুমের তোয়াক্কা না করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।

এশিয়া পোস্ট: সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে কি তারা ইচ্ছামতো সংবিধান বদলে ফেলতে পারে? সংবিধানে কি এর কোনো সীমারেখা আছে?

অ্যাডভোকেট আরিফ খান: সংবিধানে ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের নিয়ম থাকলেও শতভাগ সীমারেখা দেওয়া আছে। সংসদ সংবিধান সংশোধন করতে পারবে, কিন্তু সংবিধানকে ধ্বংস বা বিলুপ্ত করতে পারবে না। তবে বাস্তবে দুই-তৃতীয়াংশ মেজরিটি পেলে অনেক সরকারই সীমালঙ্ঘন করে থাকে, যেমনটি শেখ হাসিনা করেছিলেন।

তাছাড়া ৭০ অনুচ্ছেদ সম্পর্কেও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। প্রস্তাবিত জুলাই সনদে উল্লেখ করা হয়েছে যে, কেবল অর্থবিল ও আস্থা ভোটের মতো দুই-তিনটি নির্দিষ্ট বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন মতামত দিতে পারবেন এবং দলের সিদ্ধান্তের সমালোচনা বা ভিন্ন ভোট দিতে পারবেন।

এশিয়া পোস্ট: দীর্ঘ শাসন এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী? শেখ হাসিনাকে ছাড়া কি দলটির পক্ষে রাজনীতিতে ফিরে আসা সম্ভব?

অ্যাডভোকেট আরিফ খান: দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ভয়াবহ ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নির্বিচার হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। ফলে বাংলাদেশে একটি স্বাভাবিক রাজনৈতিক সত্তা বা এন্টিটি হিসেবে টিকে থাকা দলটির পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং স্বাভাবিক রাজনীতিতে ফেরার পথ দুটি শর্তের ওপর নির্ভর করছে। প্রথমত, জুলাই-আগস্টের নির্বিচার হত্যাযজ্ঞের জন্য গভীর আত্মউপলব্ধি থেকে পুরো জাতি ও রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, গত ১৫-১৬ বছরে রাষ্ট্রকাঠামো ও সংবিধান ধ্বংসের পূর্ণ দায় স্বীকার করতে হবে।

এই দুটি শর্ত পূরণ করলে শেখ হাসিনাকে ছাড়াও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি স্থান তৈরি হওয়া সম্ভব। কিন্তু শর্ত দুটি পূরণ না করলে দলটি রাজনীতিতে স্বাভাবিক কোনো স্থান বা স্পেস পাবে না। বর্তমানে দলটি গভীর রাজনৈতিক সংকট ও ‘দুরারোগ্য ব্যাধি’তে আক্রান্ত। এই অবস্থা থেকে বের হতে হলে তাদের এই দুটি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় আওয়ামী লীগ নিরাময়-অযোগ্য একটি রাজনৈতিক ব্যাধিতে পরিণত হবে।

এশিয়া পোস্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত দিক সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

অ্যাডভোকেট আরিফ খান: শেখ হাসিনা কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকা অবস্থায় নিজ দেশের নাগরিকদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি। ফলে তার ক্ষেত্রে স্বেচ্ছায় ‘ফিরে আসা’র বিষয়টি সম্পূর্ণ অবান্তর ও অপ্রাসঙ্গিক। সঠিক আইনি দৃষ্টিভঙ্গি হলো, তাকে ভারত থেকে ‘ফিরিয়ে আনা’।

নিজ দেশের জনগণকে হত্যা করে অন্য দেশে পালিয়ে যাওয়া কোনো দণ্ডিত ব্যক্তি নিজে থেকে ফিরতে চাইবেন, এটি মনে করা অলীক। তদুপরি, এই পর্যায়ের আসামিকে ফিরিয়ে আনার জন্য যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রত্যর্পণ আইন (Extradition Law) রয়েছে, সেটি বর্তমান অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো দল তৈরি করেনি। ১৯৭৪ সালে আওয়ামী লীগ নিজেরাই এই আইন পাস করেছিল। ফলে তাদের তৈরি করা সেই প্রত্যর্পণ আইনের মাধ্যমে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতেই তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

এশিয়া পোস্ট: রাষ্ট্র কি চাইলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাংবিধানিক ও আইনি ভিত্তি কী?

অ্যাডভোকেট আরিফ খান: সংবিধানে সভা-সমিতি বা দল গঠনের স্বাধীনতা দেওয়া থাকলেও রাষ্ট্রদ্রোহ ও সংঘবদ্ধ বেআইনি অপরাধে জড়িত হওয়ার ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা দেওয়া রয়েছে। অ্যাডভোকেট আরিফ খানের মতে, কোনো রাজনৈতিক দল যখন এমন গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে যার কারণে ওই দল আর দলীয় বৈধতা নিয়ে টিকে থাকতে পারে না, তখন তাকে আইনগত প্রক্রিয়ায় জবাবদিহি ও নিষিদ্ধকরণের মুখোমুখি করা যায়।

আওয়ামী লীগ ২০১১ সাল থেকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ও ভোটাধিকার ধ্বংস করে একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছিল এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপুল হত্যাযজ্ঞ চালিয়েছে। যে সকল রাজনৈতিক দল, দলীয় নেতা বা কর্মী এই রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ ও অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন, স্বচ্ছ আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা রাষ্ট্রীয় আইনি দায়িত্ব; অন্যথায় বাংলাদেশ সঠিক বিচার করতে সক্ষম নয় বলে আন্তর্জাতিক দুর্নামের মুখোমুখি হবে।

এশিয়া পোস্ট: বর্তমান সরকারের দেশ পরিচালনা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই।

অ্যাডভোকেট আরিফ খান: বিএনপি সরকারকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য অন্তত দেড় বছরের মতো সময় দেওয়া প্রয়োজন। সব কাজ সরকার একাই করবে, এমন মানসিকতা না রেখে নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই মুহূর্তে ধৈর্য, বিনয় ও অন্তর্ভুক্তিমূলক পথ অবলম্বন করতে হবে, যাতে নতুন করে কোনো অস্থিতিশীলতা তৈরি হতে না পারে।