logo

দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এএফপি
এএফপি
দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভানুয়াতুর একটি উপকূলীয় দৃশ্য। ছবি: ডয়চে বেলে

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এ সতর্কতা জারি করে।

হাওয়াইভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি অগভীর সমুদ্র এলাকায় সংঘটিত হওয়ায় এর উৎপত্তিস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকার উত্তর-পশ্চিমে প্রায় ২০০ কিলোমিটার দূরে। সংস্থাটি পরবর্তী সময়ে ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬.৯ নির্ধারণ করে। এ ছাড়া কাছাকাছি এলাকায় ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।

ভানুয়াতু একটি নিচু ভূখণ্ডবিশিষ্ট দ্বীপপুঞ্জ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই ভূকম্পনপ্রবণ অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে।

তবে সুনামি সতর্কতার পর কোনো এলাকায় ঢেউ আঘাত হেনেছে কি না, কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।