
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাত নতুন করে বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছে অজ্ঞাত বস্তুর আঘাতে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ‘এলগাইয়া’ নামের জাহাজটির দুজন নাবিক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক নিয়ন্ত্রণাধীন তদারকি সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। একটি যাচাইকৃত বিশ্বস্ত সূত্রের কাছ থেকে ঘটনাটির বিষয়ে বিলম্বিত তথ্য ও প্রাথমিক প্রতিবেদন পেয়েছে সংস্থাটি।
ওমানি প্রশাসনিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, ওমান উপকূলের কাছে আক্রমণের শিকার হওয়ার পরপরই তেলবাহী ট্যাংকারটির ইঞ্জিনরুমে ভয়াবহ আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বর্তমানে সেটিকে ওমানের একটি নিকটবর্তী বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এলগাইয়া’ নামের ওই ক্ষতিগ্রস্ত তেল ট্যাংকারটি থেকে মোট ২৩ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে জাহাজের আরও দুজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন; তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গত সপ্তাহজুড়ে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লাগাতার লড়াই করে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল দখল করে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এই গোষ্ঠী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি তেলবাহী সব জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষে পশ্চিম এশিয়ার দেশ ইরানে মার্কি-ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। ওই ঘটনায়র পর বিশ্ব জ্বালানি বাজারে তেলে দাম ১২০ ডলার অতিক্রম করেছিল। এদিকে হুতি বাব আল-মান্দেব দখলের পর নতুন করে বিশ্ববাজারে তেলের দাম ১০৮ ডলাড়ে পৌঁছায়।
