logo

ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো

রয়টার্স
রয়টার্স
ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো
সৌদি আরামকো। ছবি: এক্স থেকে নেওয়া

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। কৌশলগত ও বিশাল এই বিশাল পাইপলাইনটি মেরামত করে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক করতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। এই অচলাবস্থার কারণে ইউরোপীয় শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনটি পৃথক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সৌদি আরব ইউরোপের কয়েকটি তেল শোধনাগারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত তাদের কিছু চালান বাতিল করা হয়েছে।’

তবে সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা ‘সৌদি আরামকো’ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে লন্ডনভিত্তিক বৈশ্বিক জ্বালানি সংক্রান্ত স্বাধীন তথ্য সরবরাহকারী সংস্থা আর্গাস মিডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, ইউরোপের অন্তত তিনটি বড় তেল শোধনাগারের চালান ইতোমধ্যেই সম্পূর্ণ বাতিল করা হয়েছে কিংবা চলতি মাসের শেষ ১০ দিনের পরিবর্তে তা আগামী নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও অন্তত দুটি শোধনাগারকে আগামী কয়েক দিনের মধ্যে সেপ্টেম্বর মাসের চালান বিলম্ব বা বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হতে পারে বলে আর্গাস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

একটি সূত্রের দাবি, সেপ্টেম্বরের শেষ ১০ দিনে বোঝাই করার কথা থাকা সমস্ত সৌদি কার্গোই এখন বাতিলের ঝুঁকিতে রয়েছে। বর্তমানে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে আনুমানিক পাঁচ দিনের মেয়াদের সৌদি অপরিশোধিত তেলের মজুত রয়েছে বলে জানা গেলেও বিষয়টিতে সরাসরি কোনো মন্তব্য করেনি আরামকো।

রয়টার্সের আরেক প্রতিবেদনে জাহাজ চলাচল সংক্রান্ত সূত্রের বরাতে বলা হয়েছে, সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল বোঝাই বন্ধ হয়ে গেছে। দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ড্রোন হামলার চার দিন পর এই ঘটনাটি ঘটল। এই পাইপলাইনটি দেশটির পূর্বাঞ্চল থেকে বন্দরে তেল সরবরাহ করে। ফলে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় রিয়াদ।

ইউরোপে চালান স্থবিরতার মূল কারণ হিসেবে দিনে ৭০ লাখ ব্যারেল পরিবহন ক্ষমতাসম্পন্ন সৌদির প্রধান ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইনে দীর্ঘস্থায়ী ক্ষতি ও অচলাবস্থাকে চিহ্নিত করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর এক সামরিক হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

পাইপলাইনে হামলার আগে থেকেই অবশ্য লোহিত সাগরে বিপত্তি শুরু হয়েছিল। গত সপ্তাহে আরামকো তাদের কিছু ইউরোপীয় গ্রাহককে জানায় যে, মিশরের সিদি কেরির টার্মিনাল থেকে সেপ্টেম্বরের শুরুর দিকের রপ্তানি অন্তত দুই সপ্তাহ পিছিয়ে গেছে।

তৎকালীন তথ্য অনুযায়ী, লোহিত সাগরে চলাচলকারী সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে এই প্রাথমিক স্থবিরতা তৈরি হয়। পরবর্তীতে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও চরম আকার ধারণ করে।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটির মাধ্যমে পারস্য উপসাগরের কাছের তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তা মিশরের ‘আইন সুখনা’ বন্দরে পৌঁছায় এবং পরবর্তীতে দৈনিক ২৫ লাখ ব্যারেল ক্ষমতাসম্পন্ন বিখ্যাত ‘সুমেদ’ পাইপলাইনের মাধ্যমে ভূমধ্যসাগরীয় উপকূলীয় সিদি কেরির টার্মিনালে পৌঁছায়।

আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘ভর্টেক্সা’-র তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে সিদি কেরির টার্মিনাল থেকে সৌদি তেলের দৈনিক রপ্তানি ছিল প্রায় ১৯ লাখ ৫০ হাজার ব্যারেল এবং আইন সুখনায় পৌঁছানো তেলের পরিমাণ ছিল দিনে প্রায় ১৪ লাখ ব্যারেল।

তবে গত ১১ সেপ্টেম্বরের পর থেকে ইয়ানবু বন্দর থেকে নতুন কোনো সৌদি অপরিশোধিত তেলের চালান পাঠানো সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণে যেসব ট্যাংকার এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে যাতায়াত করছে, এই পরিসংখ্যানে সেগুলোর তথ্য অন্তর্ভুক্ত না-ও থাকতে পারে।

বিদ্যমান অনিশ্চয়তার মধ্যে ইউরোপীয় মেয়াদী গ্রাহকেরা অক্টোবরের তেলের বরাদ্দের জন্য আরামকোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। এই বরাদ্দ সাধারণত লোডিংয়ের মাস শুরুর আগেই মাসের ১০ তারিখ নাগাদ প্রকাশ করা হয়ে থাকে।

এদিকে সৌদি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় অনেক ইউরোপীয় ক্রেতা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন। পোল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘অরলেন’-এর মতো বড় দীর্ঘমেয়াদী গ্রাহকেরা জরুরি চাহিদা মেটাতে ‘স্পট বাজার’ থেকে সরাসরি তেল কেনা বাড়িয়েছে। অরলেন গত ১১ সেপ্টেম্বর থেকে ভূমধ্যসাগর, উত্তর সাগর এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন গ্রেডের তেলের জন্য অন্তত আটটি নতুন দরপত্র (টেন্ডার) আহ্বান করেছে।